শনিবার বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫০–৬৮০ টাকায়। এতে খুচরা পর্যায়েও মূল্য হঠাৎ বেড়ে গেছে।
রাজধানীর বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত দাম বাড়ায় শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
উত্তর বাড্ডার ব্যবসায়ী বলেন, মঙ্গলবারও পাইকারি বাজারে কেজি প্রতি দাম ছিল ১০০ টাকা। এখন এক পাল্লা ৪৮৫–৫০০ টাকা থেকে বেড়ে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আরেক বিক্রেতা বলেন, দুই দিনেই প্রতি কেজিতে গড়ে ৫০ টাকা লাফ দিয়েছে দাম। প্রতি বস্তায় ৮৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে।
রামপুরার ব্যবসায়ী বলেন, মৌসুমি ‘মুরিকাটা’ পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, স্বাভাবিকভাবে দাম কমার কথা ছিল। কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ছে।
বাজারঘুরে দেখা গেছে, সীমিত আকারে ‘মুরিকাটা’ পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সম্প্রতি কেজিপ্রতি ৭০-৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ৯০ টাকার ঘরে উঠেছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ী বলেন, পুরোনো পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কিছু ক্রেতা নতুন মুরিকাটায় ঝুঁকছেন, কিন্তু সরবরাহ কম থাকায় সেখানেও দাম বাড়ছে।
রামপুরায় কেনাকাটা করতে আসা ক্রেতা বলেন, দুই দিনে কেজিতে ৫০ টাকা বাড়া কোনোভাবেই স্বাভাবিক না।
আরেক ক্রেতার অভিযোগ করেন, বাজারে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। পর্যবেক্ষণ না থাকলে ভোক্তারা আরও ভোগান্তিতে পড়বে।
ক্রেতারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণ না থাকলে পেঁয়াজের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।